রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটোরিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে হলেও বর্তমানে তারা দক্ষিণখানের হায়দ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

