রাঙামাটি জেলা সদরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তবলছড়ি এলাকার স্বর্ণটিলা থেকে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই বছর বয়সী শিশু সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় চার দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, নিখোঁজ নারী শেহরিন সুলতানা শামিমা (২০) গত ২৭ মার্চ বিকাল প্রায় ৩টার দিকে বাবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তার সঙ্গে থাকা শিশুটিরও খোঁজ মেলেনি। নিখোঁজের ঘটনায় তার মা সাজিয়া সুলতানা রাঙামাটি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শামিমার স্বামী আলা উদ্দিন প্রবাসে থাকায় তিনি মূলত বাবার বাড়িতেই বসবাস করতেন। ঘটনার দিন বিকালে তাকে হেঁটে পাশের মসজিদ কলোনী মোড়ের দিকে যেতে দেখা যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজের ঘটনাকে ঘিরে এলাকায় নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ পারিবারিক কলহের কথা বলছেন, আবার কেউ অন্য কোনো সম্পর্কের জল্পনা করছেন। তবে এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বজনরা জানান, ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও মা ও শিশুর কোনো হদিস পাওয়া যায়নি। এতে দুই পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
রাঙামাটি কোতোয়ালী থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রবাসীর বন্ধু মো. শাকিল বলেন, নির্ধারিত সময়ের পরও তারা বাড়ি না ফেরায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। তিনি জানান, প্রবাসে থাকা বন্ধুর পরিবারের দেখাশোনা তিনি করতেন এবং হঠাৎ এই ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা প্রদত্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

