রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধা না পাওয়ার অভিযোগের মধ্যে হামের উপসর্গ নিয়ে কাশফি আক্তার নামে এক শিশুর মৃত্যুর ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালটিতে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া।
মৃত কাশফি আক্তার নাটোর সদর উপজেলার বড় হরিশপুরের ঋসি নওগাঁ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। জানা গেছে, হামের উপসর্গ নিয়ে টানা চারদিন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে জেলায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, নাটোর জেলায় এখন পর্যন্ত ৩৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, বাকিরা চিকিৎসাধীন।
সভায় জেলা প্রশাসক বলেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত শিশুকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। এ রোগ মোকাবিলায় সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

