ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিএনসিসি সেনা প্লাটুনের ক্যাডেট কর্পোরাল মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) বা ওয়ারেন্ট অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা প্লাটুনের প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই অর্জন শুধু মহিউদ্দিনের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি পরিবারের জন্যও একটি গর্বের মাইলফলক। তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মহিউদ্দিন তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার প্রতি তার গভীর আগ্রহ ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষা, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার আদর্শ তাকে সবসময় অনুপ্রাণিত করেছে।
তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিএনসিসিতে যোগদান এবং বিভিন্ন প্রশিক্ষণ ও ক্যাম্পে অংশগ্রহণ তার সামরিক জীবনের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে। সামরিক কর্মকর্তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং মৌলিক প্রশিক্ষণ তার লক্ষ্যকে সুদৃঢ় করেছে।
মহিউদ্দিন বলেন, বিএনসিসি তাকে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের শিক্ষা দিয়েছে, যা ভবিষ্যৎ জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগকে তিনি গৌরবের বিষয় হিসেবে দেখছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, মহিউদ্দিন পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়ে বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।

