আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, মিলতে পারে টানা ছয় দিনের ছুটি
মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ২১ মার্চ উদযাপিত হওয়ার পর এখন শুরু হয়েছে আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। ‘কোরবানির ঈদ’ নামে পরিচিত এই উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এবার ঈদুল আজহাকে ঘিরে দেশটির বাসিন্দারা টানা প্রায় ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর আমিরাতের সবচেয়ে প্রতীক্ষিত সরকারি ছুটিগুলোর একটি ঈদুল আজহা ঘনিয়ে আসছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস দিয়ে ছুটি শুরু হতে পারে। পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের তৃতীয় দিন, অর্থাৎ ২৯ মে (শুক্রবার) পর্যন্ত উৎসব চলতে পারে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই ছুটি টানা ছয় দিনে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঈদুল আজহা ইসলাম ধর্মের দুটি প্রধান ধর্মীয় উৎসবের একটি এবং ঈদুল ফিতরের পর দ্বিতীয় বৃহত্তম উৎসব। ইসলামি বর্ষপঞ্জির শেষ মাসে পালিত এই দিনটি ‘ত্যাগের উৎসব’ হিসেবে পরিচিত। হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য এবং নিজের সন্তানকে কোরবানি করার প্রস্তুতির স্মরণে এ দিনটি পালিত হয়। মুসলমানরা নামাজ আদায়, দান-সদকা এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব উদযাপন করেন।
তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস সঠিক হলে মধ্যপ্রাচ্যে ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। সেই হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২৮ মে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ ছুটির সম্ভাবনাকে সামনে রেখে ভ্রমণ পরিকল্পনা ও আগাম বুকিংয়ের চাহিদা বাড়তে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

