ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক পরাজয়ের ধাক্কা কাটিয়ে দারুণভাবে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায়ের আক্ষেপ কিছুটা হলেও মুছে ফেলেছে সেলেসাওরা।
বিশ্বকাপের আগে এটি ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল। তবে গোলের দেখা পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। ভিনিসিয়ুস জুনিয়রের দ্রুতগতির আক্রমণ থেকে বল পেয়ে দানিলো জোরালো শটে দলের পক্ষে প্রথম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি খেলোয়াড় এন্দ্রিক। ৮৮ মিনিটে তার উপর ফাউলের ফলে পেনাল্টি পায় ব্রাজিল, যা থেকে ইগর থিয়াগো গোল করে দলকে আবার এগিয়ে নেন। যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে থাকা দলটি আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলবে তারা।

