গণভোটের গণরায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবির, ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত জনআকাঙ্ক্ষা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তারা দাবি করেন, গণভোটে প্রদত্ত রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। বক্তারা সতর্ক করে বলেন, কেউ যদি একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, অতীতে সংবিধানের বিভিন্ন সংশোধন সত্ত্বেও তা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে একটি কার্যকর ও জনমুখী সংবিধান প্রণয়নের লক্ষ্যে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন জরুরি।
তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে পুরনো সংবিধানের দোহাই দিচ্ছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এ সময় তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সেই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
শেষে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের গণরায়কে সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নিতে হবে।

