ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা আগের মাসের ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বেশি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে। সংস্থাটি জানায়, ঘোষিত দাম একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
শুধু গৃহস্থালির রান্নার গ্যাস নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিইআরসি জানিয়েছে, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬১ টাকা ৮৩ পয়সা থেকে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

