প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা অবস্থায় নোবেল পূর্বে নির্ধারিত আপসের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করার পর আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল। এতে অন্য আসামিরাও তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করলে আদালত তা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
নোবেল ছাড়া এই মামলার অন্যান্য আসামিরা হলেন— তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

