মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে দেশটিকে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেন। তিনি জানান, সম্ভাব্য এই হামলা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালানো হতে পারে। তাঁর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ পাল্টা বিবৃতি দেয়।
ওই বিবৃতিতে বলা হয়, ‘আপনাদের অপমান ও লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা না হওয়া এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে আরও বলা হয়, ‘আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।’
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ট্রাম্পের ভাষণের পর ইরান দুই দফায় দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার ব্যবধানে মোট চারবার ক্ষেপণাস্ত্র হামলার সংকেত শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযান এখন শেষের দিকে এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক লক্ষ্য পূরণ করতে যাচ্ছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। প্রায় ৩৫টি দেশকে নিয়ে যুক্তরাজ্য একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় সচল করার উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

