জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন, পেট্রোল পাম্প বন্ধ ও দীর্ঘ লাইনের অভিযোগ
দেশে জ্বালানি সংকটের অভিযোগ তুলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এবং তেল নিতে রাস্তায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি প্রশ্ন রাখেন, মন্ত্রী এসব দেখছেন কি না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে তিনি আরও বলেন, সরকার পূর্বে দেশে কোনো জ্বালানি সংকট নেই বলে দাবি করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। পাম্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তার মতে, সরকার বিষয়টি যথাযথভাবে আমলে নিচ্ছে না।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, প্রতিটি পাম্পে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে ইরান সংক্রান্ত সাম্প্রতিক ঘটনার পর হঠাৎ তেলের চাহিদা বেড়ে গেছে। আগে যে পরিমাণ তেল এক দিন বা দেড় দিনে বিক্রি হতো, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে আতঙ্কজনিত কেনাকাটার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে বলে তিনি ব্যাখ্যা করেন।

