কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুন ধরে যায়, এতে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় বাস চালক ও হেলপারদের ভাষ্য অনুযায়ী, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী এই পরিবহনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাদের দাবি, পরিত্যক্ত বাসগুলোর ভেতরে প্রায়ই মাদকাসক্তদের আনাগোনা দেখা যায় এবং তারা সেখানে মাদক সেবন করে থাকে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এছাড়া, রয়েল পরিবহনের কাউন্টারটি তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্টদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

