ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির কর্তৃপক্ষ রাজধানীসহ সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে।
গত শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সরকার এক ধাক্কায় পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি নির্ধারণ করে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। একই সঙ্গে বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
বিক্ষোভের মুখে শুক্রবার রাতেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার পূর্বের সিদ্ধান্ত আংশিকভাবে সংশোধন করেন। তিনি তেলের ওপর শুল্ক কমিয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৩৭৮ রুপি নির্ধারণের ঘোষণা দেন। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি জানান, এই মূল্য অন্তত এক মাস কার্যকর থাকবে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
তবে পেট্রোলের দাম কমানো হলেও ডিজেলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। ৫৪.৯ শতাংশ মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে প্রতি লিটার ডিজেল ৫২০ রুপিতে বিক্রি হচ্ছে।

