বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, এসব সদস্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো সদস্যরা ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে কার্যক্রম শুরু করেছেন। তারা নির্বাচন-পূর্ব সময়, ভোটগ্রহণের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিয়মিতভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এর ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

