ঈদুল ফিতরের উৎসবের আমেজ কাটতে না কাটতেই প্রেক্ষাগৃহমুখী দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব শো বন্ধ থাকবে, যা কার্যকর থাকবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত।
৪ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনার প্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ফলে প্রেক্ষাগৃহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়—প্রাইম টাইম শোগুলো আপাতত বন্ধ থাকছে।
এদিকে যেসব দর্শক আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত প্রক্রিয়ায় সব অগ্রিম টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্লকবাস্টারের এ সিদ্ধান্তে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দর্শকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, অধিকাংশ সিনেমাপ্রেমীই সন্ধ্যার পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি নির্দেশনা পর্যালোচনা করা হচ্ছে। তবে আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সব শো স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ধাপে ধাপে তাদের ওয়েবসাইটে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, এই দুই দিনের জন্য আগাম টিকিট বিক্রি না করায় দর্শকদের রিফান্ড সংক্রান্ত কোনো জটিলতায় পড়তে হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু এই দুটি মাল্টিপ্লেক্স নয়—দেশের অন্যান্য প্রেক্ষাগৃহও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত ইতোমধ্যেই ঈদকেন্দ্রিক জমে ওঠা সিনেমা বাজারে নতুন করে ধাক্কা দিতে পারে।

