নীলফামারীর ডিমলায় হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু
নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত নবজাতকের নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট (ক্লিনিকপাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের কন্যা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জন্মের কয়েকদিন পর থেকেই শিশুটির জ্বরসহ হামের উপসর্গ দেখা দেয়। শনিবার সকালে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। রংপুর মেডিকেলে তার নমুনা সংগ্রহ করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।

