সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে বর্তমান হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ উদঘাটনে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার প্রস্তুতি গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মাত্র ৪৯ দিনের মধ্যে দেশে হামের বিস্তার ঘটেনি, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কার্যকর ভূমিকার অভাবই পরিস্থিতি জটিল করেছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন সংগ্রহ এবং প্রতিরোধমূলক প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখলে বর্তমান সংকটের মূল কারণ স্পষ্ট হবে।
এসময় তিনি নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, দেশে নারী ও শিশু অধিকার সুরক্ষায় বিভিন্ন আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগে ঘাটতি রয়েছে। এ ধরনের সমস্যার সমাধানে শুধু রাষ্ট্র নয়, সমাজের সম্মিলিত উদ্যোগও জরুরি।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন খাতে ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে এবং দায়িত্ববোধ থেকেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারাও নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

