উধাও হওয়ার পর আবারও ফিরে এসেছে ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ—এমনটাই জানিয়েছেন কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট নির্মাতা তাজুল ইসলাম। ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামের ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা এই তরুণ সোমবার (৬ এপ্রিল) সকালে একটি পোস্ট দিয়ে পেজটি পুনরুদ্ধারের খবর নিশ্চিত করেন।
নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।’
এর আগে রোববার দুপুরের পর হঠাৎ করেই পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে তাজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে এবং অল্প সময়ের মধ্যেই পেজটি সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, মাত্র ১০ হাজারের কম অনুসারী নিয়ে গত ২৮ মার্চ হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠেন তাজুল ইসলাম। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। তার ভিন্নধর্মী উপস্থাপনা ও স্বতন্ত্র কথনভঙ্গি দ্রুতই দর্শকদের নজর কাড়ে। শুরুতে কিছুটা ট্রলের শিকার হলেও পরবর্তীতে তা প্রশংসায় রূপ নেয়।
প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের সমস্যা তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের অনুসারী সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়।
তবে ভাইরাল হওয়ার পর তাজুল ইসলামের স্বাভাবিক জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে। তার বাড়ি এখন যেন একটি অস্থায়ী স্টুডিওতে পরিণত হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা এবং কিছু স্বঘোষিত সাংবাদিক প্রতিনিয়ত সেখানে ভিড় করছেন। কেউ অর্থের বিনিময়ে ভিডিও তৈরি করছেন, আবার কেউ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এতে করে ভিড়ের মাঝে তার স্বাভাবিক জীবনযাপন অনেকটাই বিঘ্নিত হচ্ছে।

