দেশে হাম রোগের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এখনো স্কুল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট করে বলেন, প্রাথমিক শিক্ষায় আপাতত অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিদ্যালয়গুলোর অবকাঠামো ও সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, সরকারের পাঁচ বছরের লক্ষ্য হলো ৫ থেকে ১০ বছর বয়সী অন্তত ৯৬ শতাংশ শিশুকে বিদ্যালয়ে আনা এবং তাদের বাংলা, ইংরেজি, যোগাযোগ দক্ষতা ও গণিতে পারদর্শী করে তোলা।
তিনি আরও বলেন, শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।
হাম রোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই রোগটি বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

