লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে মিজানুর রহমান সীমান্তসংলগ্ন একটি ভুট্টাক্ষেতে গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি বুলেট তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

