গণপরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জোটের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেওয়া হবে। তাদের অভিযোগ, জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার ভিন্ন রূপে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং তা দেশের সর্বস্তরে বিস্তৃত করা হবে। তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি সংকটসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।
এর আগে, একই দিন সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে করণীয় নির্ধারণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

