চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড় চলাকালে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে গাছপালা ভেঙে পড়া এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এতে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির ছাদে থাকা টিন সরাতে যান মকলেছুর রহমান। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়ে, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সড়কটি স্বাভাবিক করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়া এবং আমসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।

