রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। বুধবার (দুপুর সাড়ে ১২টার দিকে) কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সিকান্দার ফরাজী।
প্রত্যক্ষদর্শী কাজী ফয়সাল জানান, লাব্বাইক পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে সড়কে পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বেলা একটার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে রাখে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

