নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সদস্য শামসুদ্দীন শেখ ও তাঁতিদল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এছাড়া আরও দুইজন গরম পানিতে ঝলসে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন তাঁতিদলের সভাপতি মো. তাইজুল ইসলাম, মো. জামান (৪৫) এবং মো. সাইফুল ইসলাম (৩৬)।
তাইজুল ইসলাম অভিযোগ করেন, তাকে তার ছোট কারখানার ব্যবসা ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তার মাথায় ১৮টি সেলাই দিতে হয়েছে এবং হাতও পুড়ে গেছে। তিনি ইতোমধ্যে এ বিষয়ে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে শামসুদ্দীন শেখ দাবি করেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই তার পরিচিত ও আত্মীয়স্বজন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
পুলিশ জানায়, সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

