জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। একই রায়ে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় দণ্ডপ্রাপ্ত এএসআই আমির হোসেন নিজের প্রতিক্রিয়ায় বলেন, তিনি একজন পুলিশ সদস্য হিসেবে নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। তার দাবি, তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি এ রায় মানেন না। এ সময় তিনি স্লোগানও দেন।
মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এ রায়কে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

