ঢাকা মহানগরীর ১০টি স্কুলে সপ্তাহে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এই ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, শনি, সোম ও বুধ; এই তিন দিন অফলাইনে অর্থাৎ মহানগরীর নির্দিষ্ট স্কুলের শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস নেওয়া হবে। পাশাপাশি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার; এই তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। তিনি জানান, ১১ এপ্রিল (শনিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে (ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে) এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান এবং বাকি দিনগুলোতে অনলাইন ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নির্দিষ্ট ১০টি স্কুলের বাইরে যদি কোনো প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিতে চায়, তবে সরকার সেটি বিবেচনা করবে।
মন্ত্রী জানান, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেওয়ার একটি মডেলও বিবেচনায় আছে। এতে করে ক্লাসের মনিটরিং ও সুপারভিশন আরও জোরদার করা সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পাঠ গ্রহণ করছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা সহজ হবে।

