রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে এই হাসপাতালে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, এ অঞ্চলে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের হঠাৎ জ্বর এবং শরীরে লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। পাশাপাশি হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
হাসপাতালের মুখপাত্র আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের একজনের বয়স তিন মাস এবং অন্যজনের আট মাস। এ নিয়ে সেখানে হামে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। একই সময়ে নতুন করে ২০ জন ভর্তি হওয়ায় বর্তমানে ৭৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

