বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দেশের ফুটবলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ঘরোয়া লিগের মানোন্নয়ন, নতুন কোচ নিয়োগ, আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় খোঁজা, ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন এবং আন্তর্জাতিক মানের মাঠ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তার বক্তব্যে।
তিনি জানান, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরীর আগমন বাংলাদেশের ফুটবলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে। এক সময় পুরো দলের ভ্যালুয়েশনের তুলনায় এককভাবে হামজার মূল্য অনেক বেশি ছিল। তবে বর্তমানে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত হয়েছে এবং প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ফলে দল আরও শক্তিশালী হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে এবং ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজন এখন তুলনামূলক সহজ হচ্ছে।
আগামী জুনে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। এর আগে ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষেও খেলেছে দলটি। তাবিথ আউয়াল মনে করেন, এই অগ্রগতির পেছনে হামজা চৌধুরীর বড় ভূমিকা রয়েছে।
তিনি দেশের ক্রীড়া সংস্কৃতির একটি নেতিবাচক দিক তুলে ধরে বলেন, অনেক সময় সংগঠকেরা সামনে থাকেন, কিন্তু খেলোয়াড়রা আড়ালে থেকে যায়। এই ধারা পরিবর্তনের চেষ্টা চলছে, যাতে খেলোয়াড়রাই মূল স্বীকৃতি পায়।
বর্তমান কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। নতুন কোচ নিয়োগের জন্য উন্মুক্ত প্রক্রিয়ার কথা জানিয়ে তাবিথ বলেন, দুই বছরের জন্য চুক্তি করা হবে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে থেকে যোগ্য কোচ নির্বাচন করা হবে। কোচের কাছ থেকে উন্নয়নমূলক ফলাফল প্রত্যাশা করা হবে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা বাধ্যতামূলক হবে।
ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, লিগের মান বাড়াতে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে এবং ক্লাব পর্যায়ে আরও কার্যকর কাজ করতে হবে। তিনি স্বীকার করেন, বর্তমানে কিছু ঘাটতি রয়েছে, যা ধাপে ধাপে সমাধান করতে হবে।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সরকারকে ছয়টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি একটি হাই-টেক টেকনিক্যাল একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের টেকনিক্যাল ঘাটতি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সমালোচনা প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ফুটবল নিয়ে আলোচনা ও সমালোচনা তিনি ইতিবাচকভাবে দেখেন। তবে খেলোয়াড়দের নয়, সমালোচনা তার দিকে দেওয়ার আহ্বান জানান তিনি। নারী ফুটবলারদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাও তার অগ্রাধিকার বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা খোঁজার জন্য ইতোমধ্যে স্কাউটিং টিম গঠন করা হয়েছে, যারা যুক্তরাজ্য, ইতালি ও যুক্তরাষ্ট্রে কাজ করবে। এছাড়া নারী ফুটবলারদের জন্য ঘোষিত বোনাস পহেলা বৈশাখে পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

