রাজনৈতিক সিন্ডিকেটে জ্বালানি সঙ্কট, সরকারের সমালোচনায় জামায়াত আমির
দেশে জ্বালানি সঙ্কট সৃষ্টির জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দায়ী করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে তেলের ঘাটতি থাকলেও তা সংসদে বিদ্যমান—যা বাস্তবতার সঙ্গে একটি বড় বৈপরীত্য নির্দেশ করে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, দেশ পরিচালনায় সরকারের স্লোগান ও বাস্তবায়নের মধ্যে সুস্পষ্ট অমিল রয়েছে। বর্তমান সরকার আন্তর্জাতিক প্রভাবমুক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে, আগের ধাঁচে দেশ পরিচালনার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলে অভিযোগ তোলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমানে সমাজ গোঁজামিলের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা নেই। তিনি সতর্ক করে বলেন, অন্যায়ের ফল একসময় সবাইকে ভোগ করতে হয়।
কৃষিখাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিদেশি ঋণ কোনো দেশের টেকসই উন্নয়নের নিশ্চয়তা দিতে পারে না। বর্তমান বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবিলায় কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

