ভেনিজুয়েলায় প্রায় এক মাস আগে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের বাইরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হাজারো মানুষ বাসস্থান হারিয়ে মানবিক সংকটে পড়েছেন।
জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৮ জন বেশি। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।
সরকার এখনো নিখোঁজ মানুষের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ না করলেও জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৫০ হাজার মানুষ এখনো নিখোঁজ থাকতে পারেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
ভূমিকম্পের পর গত এক মাসে এক হাজার ৪০৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্বেগ আরও বাড়িয়েছে। দুর্যোগে ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের জন্য স্টেডিয়াম, খোলা জায়গা ও ফুটপাতসহ বিভিন্ন স্থানে অস্থায়ী আশ্রয়শিবির গড়ে তোলা হয়েছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ঘরবাড়ি হারানো প্রায় ২০০ পরিবারকে কারাকাসের একটি আবাসিক ভবনে পুনর্বাসন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য চার হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণে সরকারের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: বাসস

