ফরিদপুরে পারিবারিক কলহের জেরে বিষপান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লিলি বেগম (৫০) ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাড়োকান্দি এলাকার বাসিন্দা এবং মো. ইউনুছ শেখের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে পারিবারিক কলহের কারণে অভিমান করে লিলি বেগম পরিবারের অগোচরে নিজ ঘরে ঘাস মারা বিষ পান করেন। বিষপানের কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহতের ছেলে জামিল শেখ জানান, ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় বিষয়টি জানাতে কিছুটা বিলম্ব হয়। পরে তিনি কোতয়ালী থানায় একটি লিখিত আবেদন দিয়ে মায়ের অপমৃত্যুর বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

