সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। তিনি ভিডিওগুলোর সত্যতা ও বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং ঘটনার ব্যাখ্যা হিসেবে বিভিন্ন দাবি সামনে আনারও সমালোচনা করেছেন।
মঙ্গলবার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তাহেরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে ‘এআই’ বলে উড়িয়ে দেওয়া কিংবা পরে ‘দ্বিতীয় বিয়ে’ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এমন দাবি বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি করতে পারে।
বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় আদর্শ ও নৈতিকতার কথা বলা ব্যক্তিদের ব্যক্তিগত জীবনও সেই আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। অন্যথায় জনমনে বিভ্রান্তি ও আস্থাহীনতা সৃষ্টি হয়। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।
তাহেরী আরও বলেন, যারা ধর্মীয় মূল্যবোধের কথা বলেন, তাদের আচরণেও তার প্রতিফলন থাকা জরুরি। এ ঘটনায় সত্য উদঘাটনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট এমপি বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

