জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে ২০২৪ সালের আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের বিভিন্ন অধ্যায় তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ফটো এক্সিবিশন।
আগামী রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একাধিক নেতার আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এদিন আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তারা প্রদর্শনী পরিদর্শন করবেন এবং আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরবেন।
আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এমপি হাসনাত আব্দুল্লাহ, এমপি আব্দুল্লাহ আল আমিন, এমপি ড. মাহমুদা মিতু, এমপি নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাহিদ আহসান ও আবু বাকের মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির আরও কয়েকজন নেতার।
ফটো এক্সিবিশনে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আন্দোলনের স্মৃতিবিজড়িত আলোকচিত্র, সংশ্লিষ্ট দলিল এবং আন্দোলনের নানা প্রামাণ্য উপকরণ প্রদর্শন করা হবে। পাশাপাশি শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিরা নিজেদের ধারণ করা জুলাই আন্দোলনের স্মৃতিবহ আলোকচিত্রও প্রদর্শনের সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে ব্যক্তিগতভাবে ধারণ করা ছবি প্রদর্শনে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ জন্য প্রকাশিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে ইবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “আমরা মনে করি, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়; স্বৈরাচারবিরোধী এ আন্দোলন ছিল সবার। তাই এই আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী, সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মত ও পথের ভিন্নতা সত্ত্বেও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। জুলাইয়ের সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

