বিশ্বকাপ ফুটবল আয়োজনের পর জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী ৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। গত ডিসেম্বরে তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কার প্রদান করেন। ট্রাম্পের মতে, ইনফান্তিনো বিশ্বজুড়ে একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার অসাধারণ সক্ষমতা তাঁর রয়েছে।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি বছরের ডিসেম্বরে দায়িত্ব থেকে অবসর নিলে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। জাতিসংঘের মহাসচিব হতে হলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন অর্জন করতে হয়। এ ক্ষেত্রে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হয়।
প্রথাগতভাবে জাতিসংঘের এই শীর্ষ পদে লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কোনো প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তবে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন সেই প্রচলিত সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির নামও আলোচনায় রয়েছে। এর মধ্যেই ট্রাম্প ইনফান্তিনোর নাম সামনে এনে নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।

