সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার দেওয়া একটি পুরনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচিত একটি ভিডিও প্রকাশের পর আমির হামজার ওই বক্তব্য নতুন করে আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’ বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরাকে তিনি আবেগের জায়গা হিসেবে দেখেন। একই সঙ্গে নিজের জেলা কুষ্টিয়াকে উল্লেখ করে রসাত্মক ভঙ্গিতে বলেন, ‘আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নম্বরে, কারণ সব গাজার (মাদক) আড্ডা।’
ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে, গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা আমির হামজার পুরোনো বক্তব্যটি শেয়ার করে নানা মন্তব্য ও ট্রল করছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তার ভাষ্য, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। ওই সময় তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান এবং পরে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন বলে তিনি অভিযোগ করেন।
তবে ভাইরাল ভিডিও এবং এ-সংক্রান্ত বিভিন্ন দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই বা তদন্তের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

