আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, বহুপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সরকার জনগণের উদ্বেগ ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

