সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।
নিহতের মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে তানিয়া তাহমিনা রিনা, তার স্বামী ও তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেট কারটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।
নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে তাদের প্রাইভেট কারের পেছনে একটি ভারী যানবাহন সজোরে ধাক্কা দেয়। এতে তার বোন তানিয়া তাহমিনা রিনা, ছোট ভাগ্নে তাসবিক এবং ভাগ্নি জারা ঘটনাস্থলেই নিহত হন। আহত শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

