ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তাঁর বড় ছেলে নাবিলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
জানা গেছে, গত ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হন। তারা বর্তমানে সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ সৌদি আরবের রিয়াদ শহরের বাথা এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

