সাভারের হেমায়েতপুরের কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়দের চেষ্টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রায় সাত ঘণ্টার প্রচেষ্টায় রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম, ফায়ার ফাইটার মো. উজ্জল ও মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউরসহ পাঁচজন আহত হন। আহতদের রাতেই স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রং মেশানোর কাজে ব্যবহৃত কেমিক্যালের দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ট্যানারি ও সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তিনটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

