ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ রোববার (২৬ জুলাই)। দিনব্যাপী একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।
দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বঙ্গভবনে তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস।
এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করবেন। তিনি রাজধানীর গুলশানে নিজস্ব ফ্ল্যাটে উঠবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

