রাজধানীর শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া সড়কে বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় হিমালয় পরিবহনের বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সবুজ রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও সবুজকে হাসপাতালে নেওয়া পথচারী সজিব খান জানান, রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে শেওড়াপাড়া এলাকায় একটি দুর্ঘটনা দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের কাজ করার সময় হিমালয় পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন সবুজ। দুর্ঘটনার পর বাসটির একটি চাকা তাঁর হাতের ওপর দিয়ে চলে যায় এবং মাথায় থাকা হেলমেটটি ভেঙে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর আরোহী সামান্য আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত সবুজ রহমান নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।

