চট্টগ্রামে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। শনিবার (২৫ জুলাই) কোতোয়ালি থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৬ জুলাই) সকালে সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বন্ধুদের সঙ্গে দেখা করতে কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে যান। সেখানে চা পান করার সময় নুসরাত ফারিয়া পরিকল্পিতভাবে তার সঙ্গে পরিচিত হয়ে কথিত ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলেন। পরে সহযোগীদের সহায়তায় তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করা হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে ভুক্তভোগীকে বিবস্ত্র করে ছবি ধারণ করা হয়। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করা হয়। এরপর অভিযুক্তরা তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে মোবারক হোসেন ও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে, গ্রেপ্তারকৃত মোবারক হোসেনকে সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে একটি স্মার্টফোন, ভুক্তভোগীর মোটরসাইকেলের চাবি এবং তার হাত বাঁধতে ব্যবহৃত একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

