চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা বিনিময় হার অনুযায়ী, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকারও বেশি। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২২৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার।
গত বছরের একই সময় দেশে এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে, ২২ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকার সমপরিমাণ। শেষ তিন দিনের ব্যবধানে রেমিট্যান্সে আরও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

