ঝালকাঠির নলছিটিতে রোগী বহনকারী ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রোগী আহত হলেও দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগী ফজলুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রোগী ও তাঁর স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তাঁর চাচা ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

