বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এ অবস্থার প্রভাবে সোমবার থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গভীর নিম্নচাপটির বড় ধরনের কোনো প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, গভীর নিম্নচাপটি ভারতের দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশে এর প্রভাব সীমিত থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার থেকেই বৃষ্টিপাত বাড়বে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তিনি আরও জানান, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলক কম। আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

