দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামতকাজ আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করে পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই টার্মিনালটির প্রায় ৫০ শতাংশ মেরামতকাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
সম্প্রতি একটি ভাসমান এলএনজি টার্মিনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের ফলে সৃষ্ট গ্যাস সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৭০ কোটি ঘনফুট। ফলে উল্লেখযোগ্য পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব খাতে।
তিনি জানান, বর্তমানে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১৬০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। এছাড়া আমদানির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে আরও প্রায় ১১৫ কোটি ঘনফুট গ্যাস। তবে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি অচল থাকায় আমদানি সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা বিদ্যমান সংকটকে আরও তীব্র করেছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলার স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়নে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

