সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও বীর শহীদদের প্রতি স্যালুট জানান। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই তিনি স্যালুট দিয়েছেন। এটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে ভবিষ্যতেও তিনি একইভাবে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে যাবেন বলেও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন। তার ভাষ্য, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা বিদ্রূপের কোনো যৌক্তিকতা নেই।
পোস্টের শেষাংশে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে সম্মান প্রদর্শনের মতো বিষয়ও সমালোচনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

