পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌক্তিক দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা নির্বিঘ্নে অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা।
সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা এ কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

