দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫২ জন, যা চলতি বছরের মোট আক্রান্তের উল্লেখযোগ্য অংশ।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ২৯ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

