জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের প্রোগ্রামিং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়াতে ‘প্রোগ্রামিং সমস্যা সমাধান’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য ড. মো. আমির হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মো. কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. আমির হোসেন বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, বাস্তব সমস্যাকে বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে তার সমাধান করার সক্ষমতা গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান আলোচক ড. মো. কায়কোবাদ বলেন, “প্রোগ্রামিং শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত সমস্যা সমাধানের চর্চা করা। একটি সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে ধাপে ধাপে সমাধানে পৌঁছানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে সহায়তা করে।”
সভাপতির বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায় বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা জরুরি। নিয়মিত প্রোগ্রামিং চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারবে। জাবিপ্রবিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা সম্ভব হবে।”
সেমিনারে প্রোগ্রামিং সমস্যা বিশ্লেষণ, সমস্যা সমাধানের কৌশল, অ্যালগরিদমিক চিন্তাভাবনা এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ড. মো. কায়কোবাদ।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমস্যা বিশ্লেষণ ও সমাধানের ক্ষেত্রে নতুন ধারণা অর্জনে সহায়তা করবে। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চা বাড়বে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় জাবিপ্রবির সাফল্য আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের টেকনিক্যাল সাপোর্টে ছিল সিএসই বিভাগ এবং ব্যবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেল।

